বৃষ্টিকে উপেক্ষা করে দেশপ্রেমের আবেগ, প্রেস ক্লাব অব খড়্গপুরের উদ্যোগে 'এক শাম দেশ কে নাম’-এ মানবিকতার বার্তা!
কৃষ্ণা দাস সূত্রধর : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম ও মানবিকতার অনন্য মেলবন্ধন দেখা গেল খড়্গপুরে। প্রেস ক্লাব অব খড়্গপুরের উদ্যোগে এবং মিডিয়া ফ্রেন্ডসের সহযোগিতায় বৃহস্পতিবার আন্ধ্রা হাইস্কুলের সভাগৃহে অনুষ্ঠিত হল ‘এক শাম দেশ কে নাম’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।বৃষ্টিমুখর সন্ধ্যাতেও অনুষ্ঠানে উপস্থিতির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে কবি সম্মেলন, দেশাত্মবোধক গান ও কবিতা পাঠের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। মহিলাদের নতুন শাড়ি, পুরুষদের ধুতি এবং ছোট পড়ুয়াদের হাতে পাঠ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
একইসঙ্গে প্রেস ক্লাব অব খড়্গপুরের পক্ষ থেকে দুই বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়।দেশাত্মবোধক কবিতা ও গানে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। দেশের জন্য জীবন উৎসর্গ করা সমস্ত স্বাধীনতা সংগ্রামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশিষ্ট হিন্দি কবি উমেশ প্রসাদ শর্মা ওরফে ‘ফিক্র’, আজিশ নায়ার, বিজয়কান্ত, বন্দনা বাজপেয়ী, নীলম আগরওয়ালা, বুলবুল গুপ্তা-সহ কবি ও শায়রদের পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত , বেসরকারি স্কুলের অধ্যক্ষ অভিষেক যাদব, আন্ধ্রা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ পতিক, ডি. মধুসূদন রাও, গোপাল আগরওয়াল, ডি. মাধবী-সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
অতিথিদের তেরঙ্গা উত্তরীয়, গোলাপ ফুল এবং ছোট্ট উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত বলেন, “এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সভাগৃহ পরিপূর্ণ হয়েছে।অভিষেক যাদব বলেন, “স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রেস ক্লাব অব খড়্গপুরের হুইলচেয়ার প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
এমন ছোট ছোট প্রয়াসের মধ্য দিয়েই সমাজ আরও সুন্দর হয়ে ওঠে।”প্রেস ক্লাব অব খড়্গপুরের সম্পাদক জিতেশ বোরকর জানান, বুধবার থেকেই টানা বৃষ্টি শুরু হওয়ায় অনুষ্ঠান নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যাতেও একটানা বৃষ্টি চলছিল। তবে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মানুষ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাব অব খড়্গপুরের সভাপতি তারকেশ কুমার ওঝা।অনুষ্ঠান সফল করতে সাংবাদিক এস. এ. খান, সুভাষ লাল, মনীষ রামটেক, বীরু সিং, মাণিক মণ্ডল-সহ প্রেস ক্লাবের সদস্য এবং মিডিয়া ফ্রেন্ডসের জিতেন্দর শাহ, মনোজ শর্মা, শংকর রায় প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষপর্যন্ত রাত্রিকালীন ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বৃষ্টিকে উপেক্ষা করে স্বাধীনতার আবেগে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একইসঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ—‘এক শাম দেশ কে নাম’-কে খড়্গপুরের এক স্মরণীয় সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করে।