মোদির জন্মদিনে মেদিনীপুরে শিবমন্দিরে পুজো, শুরু ‘সেবা সংকল্প অভিযান’!

সেখ ওয়ারেশ আলী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার সময়কালকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাস ধরে চলবে এই কর্মসূচি।অভিযানের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড এলাকার প্রসিদ্ধ শিবমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়।

মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মেদিনীপুর শহর মণ্ডল-২-এর ৬ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়।পুজো শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। পাশাপাশি, আগামী দিনেও তিনি যেন দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যেতে পারেন, সেই কামনাও করা হয়।বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সেবা সংকল্প অভিযান’ চলাকালীন আগামী এক মাস দেশজুড়ে বিভিন্ন জনসেবামূলক ও সামাজিক কর্মসূচি নেওয়া হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।