টাকা দিলেই জেলে মিলত বাড়তি সুবিধা? মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ!

সেখ ওয়ারেশ আলী : ভালো খাবার থেকে থাকার ব্যবস্থা—টাকা না দিলে সুযোগ-সুবিধা মিলত না বলে দাবি বন্দির পরিজনের!মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ।

সংশোধনাগারের ভিতরে টাকা দিলেই বন্দিদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হতো বলে দাবি করেছেন এক বন্দির পরিবারের সদস্য। অভিযোগ, তুলনামূলক ভালো খাবার থেকে শুরু করে থাকার ব্যবস্থা—বিভিন্ন সুবিধা পেতে বন্দিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো।

এমনকি সেই টাকা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ফোন নম্বরে পাঠানোর কথাও বলা হতো বলে দাবি করেছেন তিনি।বন্দির পরিজনের অভিযোগ, তৎকালীন সময়ে সংশোধনাগারের ভিতরে একাংশ সাজাপ্রাপ্ত বন্দির প্রভাব ও দাদাগিরি ছিল। তাঁদের দাবি, টাকা দিতে পারলে জেলের ভিতরে তুলনামূলক ভালোভাবে থাকার সুযোগ এবং বিভিন্ন ধরনের বাড়তি সুবিধা পাওয়া যেত।

কিন্তু টাকা দিতে না পারলে সেই সুবিধা থেকে বঞ্চিত হতে হতো।ওই পরিবারের সদস্যের আরও অভিযোগ, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেয়ে কোনও কোনও বন্দিকে বাথরুমের গেটের সামনে পর্যন্ত ঘুমাতে হতো। সংশোধনাগারে আসা বন্দির পরিবারের সদস্যরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে এমনই দাবি করেছেন।তবে বর্তমানে সংশোধনাগারের পরিস্থিতিতে পরিবর্তন এসেছে বলে দাবি করছেন বন্দিদের পরিজনদের একাংশ। তাঁদের বক্তব্য, আগের তুলনায় এখন জেলের ভিতরের পরিস্থিতিতে বদল দেখা গিয়েছে। তাঁদের কথায়, ‘বদলের বাংলায়’ বদলেছে সংশোধনাগারের ভিতরের পরিস্থিতিও।