প্রয়াত খড়গপুরের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পীযূষ কুণ্ডু, শোকের ছায়া সাংস্কৃতিক মহলে!

মিন্টু চৌধুরী : খড়গপুর তথা অবিভক্ত মেদিনীপুরের সাংস্কৃতিক জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষক ও সমাজসেবী পীযূষ কুণ্ডু। রবিবার, ২৩ আগস্ট দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।রবীন্দ্রসঙ্গীতের প্রতি গভীর অনুরাগ এবং দীর্ঘদিনের শিক্ষকতার মাধ্যমে খড়গপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন পীযূষ কুণ্ডু। গান শেখানোর পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তাঁর কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়ে বহু শিক্ষার্থী পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রয়েছেন।তাঁর প্রয়াণে খড়গপুর একজন প্রতিথযশা সঙ্গীতশিল্পী ও নিবেদিতপ্রাণ শিক্ষককে হারাল বলে মনে করছেন তাঁর পরিচিতজন ও সাংস্কৃতিক মহলের মানুষজন। তাঁর মৃত্যুতে পরিবার, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অনুরাগীদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।পীযূষ কুণ্ডুর প্রয়াণে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন শুভানুধ্যায়ীরা। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।