পুরসভার গেটে তালা দিয়ে বিক্ষোভ, পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি
নিজস্ব সংবাদদাতা : চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল খড়্গপুর পুরসভায়। পুরসভার গেটে তালা লাগিয়ে বিজেপির বিক্ষোভকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় পুরসভা চত্বরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।প্রাক্তন পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে প্রদীপ সরকার-সহ ২৪ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই খড়্গপুর পুরসভাকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছিল। এদিন চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বাড়ে। বিজেপি কর্মী-সমর্থকেরা পুরসভার মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।বিজেপির অভিযোগ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কোনও ব্যক্তিকে পুরসভার চেয়ারে বসতে দেওয়া হবে না। এই দাবিতেই সরব হন বিক্ষোভকারীরা। তাঁদের সরানোর চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে।ঘটনার জেরে পুরসভার সামনের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যার সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরসভা চত্বরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়।চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে এই সংঘাত খড়্গপুরের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। পুরবোর্ড গঠনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে শহরবাসী ও রাজনৈতিক মহলের।