ফাইলভর্তি গাড়ি ঘিরে বিক্ষোভ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে রাজনৈতিক উত্তেজনা

অভিজিৎ সাহা: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে সরকারি ফাইল বোঝাই একটি গাড়িকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়াল তমলুকের নিমতৌড়িতে। জেলা পরিষদ ভবনের সামনে থেকে কাঁথির উদ্দেশে রওনা দেওয়া একটি গাড়ি আটকান বিজেপির জেলা পরিষদের সদস্যরা। অভিযোগ, গুরুত্বপূর্ণ সরকারি নথি গোপনে সরানো হচ্ছিল। যদিও প্রশাসনের দাবি, নিয়ম মেনেই ফাইল স্থানান্তর করা হচ্ছিল।বুধবার দুপুরে জেলা পরিষদ ভবনের সামনে একটি গাড়িতে বিপুল পরিমাণ ফাইল তোলা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় বিজেপির জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ অন্যান্য সদস্যরা গাড়িটি আটকান। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে কিছু ফাইল ফের অফিসে নিয়ে যাওয়া হয়।বিজেপির অভিযোগ, ভোট-পরবর্তী পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা হচ্ছিল। যদিও ডব্লুবিএসআরডিএ-র তমলুক ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার চন্দন সরকার জানান, মার্চ মাসের পেমেন্ট সংক্রান্ত কাজের জন্য ফাইল তমলুকে আনা হয়েছিল এবং কাজ শেষ হওয়ায় তা নিয়ম মেনেই কাঁথি অফিসে ফেরত পাঠানো হচ্ছিল।এদিন জেলা পরিষদ চত্বরে বিজেপির কর্মসূচিকেও কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ে। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র কাটআউট ও ব্যানারে ছয়লাপ হয়ে যায় এলাকা। কর্মী ও আধিকারিকদের মিষ্টি খাওয়ানো এবং পদ্মফুল দেওয়ার কর্মসূচিও নেয় বিজেপি।রাজনৈতিক মহলের মতে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে নিজেদের প্রভাব আরও জোরদার করার বার্তা দিতে চাইছে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের অন্দরে চাপা অস্বস্তিও বাড়ছে বলে জল্পনা রাজনৈতিক মহলে।