পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থী দের স্মারক লিপি দিলো সবুজ মঞ্চ!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পরিবেশ রক্ষাকে রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে তুলে ধরতে জোরালো বার্তা দিল সবুজ মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। রবিবার জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও বিধানসভা প্রার্থীদের হাতে রাজ্যের ১৪ দফা পরিবেশগত সমস্যা এবং জেলার ৪ দফা বিশেষ দাবি-সহ একটি স্মারকলিপি তুলে দেয় সংগঠন। পরে মেদিনীপুর শহরের স্বরবর্ণ ভবন তথা প্রেস ক্লাব, বার্জটাউনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের মূল বার্তা— “প্রথম কর্মসূচি হোক পরিবেশ রক্ষা, চাই রাজনৈতিক সদিচ্ছা”। জলবায়ু সঙ্কট, কার্বন নিঃসরণ কমানো, বিপন্ন মানুষ ও পরিবেশের ক্ষতিপূরণ, নদী-খাল-বিল-জলাভূমি সংস্কার ও সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের অপচয় রোধ, সমুদ্র উপকূলের জীববৈচিত্র রক্ষা, প্লাস্টিক ও চিকিৎসা বর্জ্যের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস, বনাধিকার আইন ২০০৬ কার্যকর করা, নির্বিচারে গাছ কাটা বন্ধ, পর্যটন শিল্পে পরিবেশগত নিয়ন্ত্রণ এবং সুন্দরবনের সুরক্ষা—এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলির কাছে দাবি জানানো হয়।

জেলার নির্দিষ্ট সমস্যার মধ্যে সবুজ মঞ্চ বিশেষভাবে তুলে ধরে কাঁসাই, কেলেঘাই ও সুবর্ণরেখা নদীর দূষণ। সংগঠনের অভিযোগ, মেদিনীপুর শহর-সহ জেলার একাধিক এলাকার দূষিত জল ও প্লাস্টিক বর্জ্য সরাসরি কাঁসাই নদীতে ফেলা হচ্ছে। দাবি উঠেছে, দূষিত জল পরিশোধনের পর নদীতে ফেলার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে কেলেঘাই নদীর পাড়ে কাপড় কলের বিষাক্ত জল নির্গমন, নদীপাড় কেটে ইটভাটা চালানো এবং সুবর্ণরেখা থেকে অবৈধ বালি উত্তোলন অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে। এছাড়াও জেলার সর্বত্র অনুষ্ঠানগুলিতে সাউন্ড লিমিটার ছাড়া মাইক ও ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা, বাসের এয়ার হর্ণ ও বেআইনি বাজি নিয়ন্ত্রণ, ২০১৬ সালের বর্জ্য ব্যবস্থাপনা বিধি কঠোরভাবে কার্যকর করা, রাস্তার ধারে ও জলাভূমিতে আবর্জনা ফেলা বন্ধ করার উপরও জোর দেয় সংগঠন। ভূগর্ভস্থ জলস্তর দ্রুত নেমে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগ, চাষের কাজের পাশাপাশি একাধিক কারখানা আইন লঙ্ঘন করে নদী, জলাশয় ও ভূগর্ভস্থ জল বিপুল পরিমাণে তুলে পানীয় জলের ব্যবসা করছে। বিশেষ করে জেলার কেশিয়াড়ি থানার হাতিগেড়িয়া এলাকায় জঙ্গলের জলধারণে গুরুত্বপূর্ণ একটি জলাশয় ভরাটের অভিযোগ তুলে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছে সবুজ মঞ্চ।

সংগঠনের প্রতিনিধিরা জানান, শুধু স্মারকলিপি দেওয়াই নয়, তারা প্রার্থীদের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন— নির্বাচনী প্রচারে পরিবেশের প্রশ্নকে সামনে আনতে হবে এবং ক্ষমতায় এলে তা বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। উপস্থিত ছিলেন সবুজ মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি রোশেনারা খান, সম্পাদক ঝর্ণা আচার্য্য,সহ সভাপতি হীরক আট্য,কোষাধ্যক্ষ নরসিংহ দাস,সদস্য সোমা নায়েক, মৌমিতা বাঁকুড়া, ইন্দ্রদীপ সিনহা, সনাতন শীট, করবী বিশ্বাস ,সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।