চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও নেতা-কর্মী জড়িত নন।জানা গিয়েছে, সোমবার চন্দ্রকোনা রোডে সিপিএমের উদ্যোগে একটি মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। মিছিল চলাকালীন বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এর কিছুক্ষণ পরেই চন্দ্রকোনা রোড এরিয়া সিপিএমের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
সিপিএমের দাবি, দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে ঢুকে আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা গৌতম কৌরির দাবি, “সিপিএম নিজেরাই নিজেদের পার্টি অফিসে আগুন লাগিয়ে চন্দ্রকোনা রোডে অশান্তি পাকাতে চাইছে।”অন্যদিকে, বিজেপির অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “সিপিএম পার্টি অফিসে আগুন লাগিয়ে কী হবে? তার থেকে ইডি, সিবিআই অফিসে আগুন লাগালে শুভেন্দুর সারদা-নারদার ফাইলগুলো পুড়ে যেত।”ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোডে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনার পিছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।