নয়াবসতে দলছুট হাতির হানা, গুরুতর আহত দুই — আতঙ্কে গ্রামবাসীরা!
অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায় দলছুট হাতির হানায় গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। ৮ই ফেব্রুয়ারি রবিবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আহতদের নাম হিমাংশু কারক ও সুনীল রম। দু’জনেরই বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোরের অন্ধকারে হঠাৎই একটি দলছুট হাতি গ্রামে ঢুকে পড়ে। প্রথমে বাড়ির সামনে থাকা হিমাংশু কারককে সামনে পেয়ে আক্রমণ করে হাতিটি।
এরপর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই আরেক বাসিন্দা সুনীল রমও হাতির আক্রমণের শিকার হন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।এই ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আনাগোনা বাড়লেও পর্যাপ্ত নজরদারি বা আগাম সতর্কবার্তার ব্যবস্থা নেই। ফলে বারবার এমন দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বনদপ্তরের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।অন্যদিকে, শালবনীর কর্ণগড় এলাকায় ৮ই ফেব্রুয়ারি রবিবার ভোররাতে একদল দাঁতালের তাণ্ডবে ভেঙেছে বেশ কয়েকটি মাটির বাড়ি।