পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়!মেদিনীপুরে বৃষ্টির মধ্যেই হকারদের প্রতিবাদ মিছিল,ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা : পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না—এই দাবিকে সামনে রেখে পথে নামলেন মেদিনীপুর শহরের শতাধিক হকার। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাতে প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। মিছিল শেষে মহকুমা শাসকের দফতরে গিয়ে নিজেদের দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা।হকারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ছোট ব্যবসা করে তাঁরা জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করে উচ্ছেদ করা হলে তাঁদের পরিবারগুলি চরম আর্থিক সংকটের মুখে পড়বে। তাই উচ্ছেদের আগে প্রত্যেক হকারের জন্য বিকল্প ব্যবস্থা ও সুনির্দিষ্ট পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, “পুনর্বাসন ছাড়া কোনওভাবেই হকার উচ্ছেদ করা যাবে না।” তাঁদের দাবি, প্রশাসন হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করুক। বৃষ্টির মধ্যেও হকারদের এই মিছিল ও ডেপুটেশন ঘিরে শহরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।