অভাবকে হার মানিয়ে উচ্চমাধ্যমিকে রাজ্যের নবম সাগর, IAS হওয়ার স্বপ্ন পূর্ব বর্ধমান জেলার কালনার পড়ুয়ার!
নিজস্ব সংবাদদাতা : কালনার ছোট্ট এক ঘর থেকে উঠে এল এক অনন্য সাফল্যের গল্প। সংসারে অভাব, জীবনের প্রতিনিয়ত লড়াই আর দূরে গুজরাতে বাবা-মায়ের কঠোর পরিশ্রম—সব প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় নবম স্থান অর্জন করল পূর্ব বর্ধমানের সাগর মণ্ডল।পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সাগর। তার বাড়ি নৃসিংহপুরের বড়ডাঙাপাড়ায়।
অভাবের তাড়নায় বাবা মৃত্যুঞ্জয় মণ্ডল ও মা সুষমা মণ্ডল গুজরাতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। মা একটি হাসপাতালে সাফাইকর্মীর কাজ করেন, আর বাবা হোটেলে কর্মরত।দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়েছে সাগর। বাড়িতে একা থেকে নিজেই রান্না করে স্কুলে যেত। পড়াশোনার পাশাপাশি সংসারের কঠিন বাস্তবও সামলাতে হয়েছে তাকে। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর কাজের খোঁজে গুজরাটেও পাড়ি দিয়েছিল সে। এত প্রতিকূলতার মাঝেও পড়াশোনার প্রতি একাগ্রতা হারায়নি।উচ্চ মাধ্যমিকে সাগরের প্রাপ্ত নম্বর ৯৭.৬ শতাংশ। তবে এই সাফল্য শুধুই নম্বরের হিসেব নয়, এটি এক অদম্য ইচ্ছাশক্তি ও সংগ্রামের গল্প। যেখানে দারিদ্র্য হার মেনেছে জেদের কাছে, আর প্রতিকূলতা নত হয়েছে স্বপ্নের সামনে।রাজ্যের প্রথম দশে জায়গা করে নেওয়া সাগরের স্বপ্ন ভবিষ্যতে IAS অফিসার হওয়া। তার কথায়, “যতদিন না সফলতা আসছে, ততদিন লড়াই চালিয়ে যাব।”