কাটমানির বিরুদ্ধে অ্যাকশন মোডে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের, পরিচয় গোপন রেখেই জানানো যাবে অভিযোগ!
অভিজিৎ সাহা : বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই প্রবণতা রুখতে এবার বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারীর জেলায় পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারি প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য ৭০৪৭৯৮৯৮০০ নম্বরটি চালু করা হয়েছে, যা ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে। ‘বাংলার বাড়ি’ সহ অন্যান্য সরকারি প্রকল্পে কেউ কাটমানি দাবি করলে, সুবিধা দিতে দেরি হলে বা আবেদন খারিজ করা নিয়ে অভিযোগ থাকলে সাধারণ মানুষ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক বৈঠকে জানান, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগের সঙ্গে অডিও বা ভিডিও প্রমাণ থাকলে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।এদিকে ভোটের আগে পুলিশের এই উদ্যোগকে ‘আইওয়াশ’ বলে কটাক্ষ করেছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, “পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। ভোটের আগে এটি শুধুই গিমিক।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় বলেন, “দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে আমরা সমর্থন করি।”পুলিশের এই হেল্পলাইন চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কতটা আস্থা তৈরি হয় এবং বাস্তবে কাটমানি রুখতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।