মুখোশধারী ডাকাতদের জালে পুলিশ, নন্দীগ্রাম কাণ্ডে একাধিক গ্রেফতার!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সংঘটিত দুঃসাহসিক ডাকাতি মামলার তদন্তে বড় সাফল্য পেল জেলা পুলিশ। ধারাবাহিক অভিযানে চক্রের মূল চক্রী-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি লুঠ হওয়া অধিকাংশ সোনার গয়না, গৃহস্থালি সামগ্রী, বাসনপত্র এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ জুলাই ২০২৬ নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সনৎ কুমার দাস। অভিযোগে তিনি জানান, ৬ ও ৭ জুলাইয়ের মধ্যরাতে একদল মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে আলমারি ভেঙে সোনার গয়না, নগদ ১ লক্ষ ২৮ হাজার টাকা, মূল্যবান গৃহস্থালি সামগ্রী ও বাসনপত্র লুঠ করে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
অভিযোগ পাওয়ার পরই নন্দীগ্রাম থানার তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং গোপন সূত্রের ভিত্তিতে তদন্ত শুরু করে। একাধিক জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তের অগ্রগতিতে চক্রের মূল হোতা ও তার এক সহযোগীকেও পশ্চিমবঙ্গের বাইরে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা-র সার্বিক তত্ত্বাবধানে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হয়। তদন্তের অংশ হিসেবে গ্রেফতার হওয়া পাঁচ অভিযুক্তকে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড (TIP)-এ হাজির করা হলে অভিযোগকারী তাঁদের শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।