মুখ্যমন্ত্রী হয়েই মাতৃদিবসে মায়ের হাতের রান্না, পছন্দের পদে পেটপুজো শুভেন্দুর!

অভিজিৎ সাহা: বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম মাতৃদিবসেই মায়ের হাতের রান্না খেয়ে সময় কাটালেন শুভেন্দু অধিকারী। রবিবার কাঁথির বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এ মেজো খোকার জন্য নিজের হাতে পছন্দের নানা পদ রান্না করেন মা গায়ত্রী অধিকারী। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও পারিবারিক এই মুহূর্ত ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয় অধিকারী পরিবারে।দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই কাঁথির শান্তিকুঞ্জে উৎসবের আবহ তৈরি হয়। প্রতিবেশীরা গেরুয়া আবির মেখে আনন্দে মাতেন। তবে সেই সময় কলকাতায় থাকায় পরিবারের সঙ্গে থাকতে পারেননি শুভেন্দু। কিন্তু মা গায়ত্রীদেবী তখনই ঠিক করে ফেলেছিলেন, ছেলে বাড়ি ফিরলেই তাঁর পছন্দের খাবারে পাত সাজাবেন।শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর একাধিক প্রশাসনিক কর্মসূচি সেরে গভীর রাতে কাঁথির বাড়িতে ফেরেন শুভেন্দু। রবিবার সকাল থেকেই নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। আর সেই সময় রান্নাঘরে ব্যস্ত ছিলেন গায়ত্রীদেবী।মাতৃদিবসে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ মেনু সাজানো হয়েছিল। পাতে ছিল ভাত, করলা সেদ্ধ, মোচার ঘণ্ট, সরষে ইলিশ, পোনা কালিয়া এবং মুরগির মাংস। শেষ পাতে পরিবেশন করা হয় টক দই। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইলিশ মাছ শুভেন্দুর অত্যন্ত প্রিয়। তবে এদিন মিষ্টি রাখা হয়নি খাবারের তালিকায়। কারণ, এখন তাঁর কাঁধে গোটা বাংলার দায়িত্ব— তাই সুস্থতার দিকেও নজর রাখছেন পরিবারের সদস্যরা।খাওয়াদাওয়া সেরে ফের কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মাতৃদিবসে মা-ছেলের এই বিশেষ মুহূর্ত এখন চর্চার কেন্দ্রে।