পূর্ব মেদিনীপুরে ভোটের আগে জুড়ে ১৬৩ ধারা, দিঘা-মন্দারমণি,নন্দীগ্রামসহ গোটা জেলায় কড়া বিধিনিষেধ জারি!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরে ভোটের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলো। মঙ্গলবার সন্ধ্যা থেকে গোটা জেলাজুড়ে কার্যকর করা হয়েছে ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা)। এই নির্দেশ কার্যকর থাকবে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে পূর্ব মেদিনীপুরে। সেই কারণে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র Nandigram-সহ গোটা এলাকাতেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।জেলাশাসক নিরঞ্জন কুমারের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের জমায়েত করা যাবে না। পাঁচ জনের বেশি মানুষের একত্রে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন স্পষ্ট জানিয়েছে, যার মধ্যে জরিমানা ও জেল উভয়ই অন্তর্ভুক্ত।এছাড়াও, এই সময়সীমার মধ্যে যাঁরা জেলার ভোটার নন, তাঁদের অবিলম্বে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নির্বাচনী প্রচার পর্ব শেষ হয়েছে, ফলে নতুন করে কোনো সভা বা মিছিলের সম্ভাবনাও নেই।ভোটের আগে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই কড়া পদক্ষেপকে কেন্দ্র করে জেলাজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।