মানসিক চাপমুক্ত কর্মপরিবেশ গড়তে যোগাভ্যাসে জোর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নিমতৌড়ি জেলা পুলিশ সদর দপ্তরে এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। সুস্থ জীবনযাপন, মানসিক প্রশান্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচিতে অংশ নেন জেলা পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। যোগব্যায়ামের বিভিন্ন আসন ও প্রণায়াম অনুশীলনের মাধ্যমে শরীর ও মনের সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা জানান, যোগব্যায়াম শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং মানসিক চাপ কমিয়ে আত্মনিয়ন্ত্রণ, একাগ্রতা এবং কর্মদক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে দায়িত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ কর্মপরিবেশে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নিয়মিত যোগচর্চা অত্যন্ত উপকারী।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য হল পুলিশ কর্মীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং নিয়মিত যোগাভ্যাসকে জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলা। কর্মসূচির মাধ্যমে সুস্থ শরীর, সুস্থ মন এবং ইতিবাচক জীবনধারার বার্তা তুলে ধরা হয়।জেলা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকের কাছেও নিয়মিত যোগব্যায়াম চর্চার আহ্বান জানানো হয়, যাতে শারীরিক ও মানসিক সুস্থতার মাধ্যমে একটি সচেতন, স্বাস্থ্যকর ও কর্মক্ষম সমাজ গড়ে তোলা সম্ভব হয়।