'দেশের স্বার্থই সবার আগে'— কোলাঘাটে এনসিসি ক্যাডেটদের উদ্বুদ্ধ করলেন জেলা শাসক নিরঞ্জন কুমার!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কেটিপিপি অডিটোরিয়ামে ৫৫ বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ক্যাটিসি কেজি-৬ (CTC KG-6) শিবিরে শুক্রবার উপস্থিত থেকে এনসিসি ক্যাডেটদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক শ্রী নিরঞ্জন কুমার, আইএএস।নিজের বক্তব্যে জেলা শাসক ক্যাডেটদের সততা, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, ধৈর্য এবং দেশপ্রেমকে জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে সর্বদা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন, জাতি গঠন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে যুবসমাজের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

নিরঞ্জন কুমার আরও বলেন, এনসিসি ক্যাডেটরাই আগামী দিনের দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ এবং নেতৃত্বদানে সক্ষম নাগরিক। তাঁদের মধ্য থেকেই অনেকেই ভবিষ্যতে ভারতীয় সশস্ত্র বাহিনী, আধাসামরিক বাহিনী এবং অসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে ৫৫ বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের আধিকারিক, প্রশিক্ষক এবং বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেট উপস্থিত ছিলেন। জেলা শাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য ক্যাডেটদের মধ্যে দেশসেবার মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং দৃঢ় চরিত্র গঠনের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে।