ড. মৌসম মজুমদারের জন্মদিনে মানবতার নজির, স্মরণসভা ও রক্তদান শিবিরে রক্ত দিলেন ২১৬ জন!

নিজস্ব সংবাদদাতা : প্রয়াত সমাজকর্মী, বিশিষ্ট কুইজমাস্টার, গবেষক, লেখক, শিক্ষক এবং ‘শিক্ষারত্ন’ সম্মানপ্রাপ্ত ড. মৌসম মজুমদারের জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হল। নারী-পুরুষ মিলিয়ে মোট ২১৬ জন স্বেচ্ছায় রক্তদান করে তাঁকে শ্রদ্ধা জানান।পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা ও তমলুকের মধ্যবর্তী আস্তাড়া গ্রামে অবস্থিত ‘প্রত্যাশা গেস্ট হাউস’-এ এই রক্তদান শিবিরের আয়োজন করে ড. মৌসম মজুমদারের দুই প্রিয় সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আস্তাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন।অনুষ্ঠানের সূচনায় ড. মৌসম মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য-সদস্যাদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের মেডিক্যাল টিম। রক্তদান আন্দোলনে দীর্ঘদিনের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এদিন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম (বারাসাত)-এর পক্ষ থেকে ‘ছায়া বেরা স্মৃতি স্মারক সম্মান’ তুলে দেওয়া হয় মেদিনীপুর কুইজ কেন্দ্রের হাতে।রক্তদাতাদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডা. হরেকৃষ্ণ বেরা, ড. মৌসম মজুমদারের সহধর্মিণী সুপর্ণা মজুমদার, রাজ্য রক্তদান আন্দোলনের অন্যতম সংগঠক অপূর্ব ঘোষ, নরুল ইসলাম, সন্দীপ চক্রবর্তী, মেদিনীপুর কুইজ কেন্দ্রের সভাপতি ড. রিংকু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরা, আস্তাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি কমল ঘোড়াই, সম্পাদক সোমনাথ মজুমদার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানের শেষে সকল রক্তদাতা ও অতিথিদের হাতে একটি করে চারাগাছ উপহার তুলে দেওয়া হয়।