পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন, মোতায়েন NDRF- SDRF!
নিজস্ব সংবাদদাতা : খারাপ আবহাওয়া ও টানা বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ, উদ্ধার ও জরুরি পরিষেবার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পটাশপুর ও হলদিয়ায় দুটি NDRF দল এবং পটাশপুরে একটি SDRF দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকে প্রায় ৪০০ জন সিভিল ডিফেন্স কর্মীকে ত্রাণ ও জরুরি পরিষেবার কাজে নিযুক্ত করা হয়েছে।দুর্গত এলাকায় ইতিমধ্যেই প্রায় ৪৫ হাজার ত্রিপল বিতরণ করা হয়েছে। হলদিয়া, পটাশপুর, চণ্ডীপুর, এগরা ও ময়নার জলমগ্ন এলাকায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজ চলছে। BDO-দের তত্ত্বাবধানে বর্তমানে ২২টি কমিউনিটি কিচেন চালু রয়েছে, যেখানে দুর্গতদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
নিরাপদ পানীয় জলের জন্য একাধিক এলাকায় ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পানীয় জলের পাউচও বিতরণ করা হচ্ছে।পরিস্থিতির দিকে নজর রেখে এগরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পটাশপুর, তমলুক, ভগবানপুর ও এগরা বিধানসভা এলাকার জন্য কন্ট্রোলরুম চালু করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ০৩২২০-২৪৫৫০০ নম্বরে যোগাযোগ করা যাবে।এদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় সোম ও মঙ্গলবার জেলার সমস্ত সরকারি বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি স্কুলগুলিতে এই ছুটি কার্যকর থাকবে।
ইতিমধ্যেই পটাশপুর, ভগবানপুর, চণ্ডীপুর, হলদিয়া, ময়না-সহ বিভিন্ন এলাকার জলমগ্ন বাসিন্দাদের নিরাপদ ও উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পটাশপুরের বহু এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছে।
বহু বাড়িতেও জল ঢুকে পড়েছে। দুর্গতদের উদ্ধারে NDRF ও SDRF-এর দলগুলি সক্রিয়ভাবে কাজ করছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করা হবে।