দোলের আনন্দে আগুনের আতঙ্ক! কাঁথির বৃহত্তম সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড!
নিজস্ব সংবাদদাতা : রঙের উৎসবের মাঝেই আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। ৩রা মার্চ মঙ্গলবার দোল উৎসবের সময় রাজ্য বিদ্যুৎ বণ্টন ও সরবরাহকারী সংস্থার কাঁথির সবচেয়ে বড় সাব-স্টেশনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা চত্বরে, তৈরি হয় চাঞ্চল্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাব-স্টেশনের একাংশ থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়, এরপরই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।
আগুন নিয়ন্ত্রণে আনতে জোরকদমে চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। দোলের দিন শহরজুড়ে যখন আবির ও আনন্দের আবহ, ঠিক সেই সময়েই এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় Contai Police Station-এর পুলিশ, দমকল বিভাগ এবং রেল পুলিশ।আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বড়সড় বিপর্যয় এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।দোলের উৎসবের দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবায় প্রভাব পড়েছে কি না, তা নিয়েও নজর রাখছে প্রশাসন।