চুরি যাওয়া মোবাইল ফিরল মালিকের হাতে, এগরা পুলিশের বড় সাফল্য!
নিজস্ব সংবাদদাতা : এগরা মহকুমা হাসপাতালের ওয়েটিং রুম থেকে একটি মোবাইল ফোন চুরির অভিযোগের পর দ্রুত তদন্তে নেমে বড় সাফল্য পেল এগরা থানার পুলিশ। তদন্তকারী অফিসার এসআই মানিকলাল শিটের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুধু চুরি যাওয়া মোবাইল ফোনটিই নয়, অভিযানের সময় আরও ৯টি সন্দেহভাজন চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ফলে মোট ১০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একাধিক মোবাইল ফোন। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন গ্রাহকেরা।উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তন্ময় মুখার্জী, এগরার এসডিপিও আবুনুর হোসেন এবং এগরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশান্ত কুমার চট্টোপাধ্যায়।পুলিশ জানিয়েছে, ধৃতদের সঙ্গে অন্য কোনও চোরচক্র বা অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলছে।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের দাবি, আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।