নন্দীগ্রামের সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শুরু রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির!

নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির মাঠ থেকে সোমবার রাজ্যব্যাপী ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চলবে এই বিশেষ উদ্যোগ। সরকারের দাবি, রাজ্যের প্রায় ১১০০টি স্থানে একযোগে আয়োজিত এই শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৪টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, জনসাধারণকে সরকারি পরিষেবার আরও কাছাকাছি নিয়ে আসাই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিভিন্ন প্রকল্পে আবেদন, নথি যাচাই, নিবন্ধন এবং তথ্যপ্রাপ্তির সুবিধা এক ছাদের নিচে মিলবে এই শিবিরে।সভামঞ্চ থেকে একাধিক উন্নয়নমূলক উদ্যোগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ তুলে তিনি জানান, রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান মন্দির’ গড়ে তোলার কাজ শুরু হয়েছে এবং আগামী জুলাই মাস থেকেই সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।তিনদিনের এই জনকল্যাণ শিবিরে বিভিন্ন প্রকল্পের জন্য আলাদা কাউন্টার রাখা হয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা-সহ একাধিক সামাজিক সুরক্ষা ও জনমুখী প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য প্রদান এবং আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে অতীতে যেসব “মিথ্যা মামলা” দায়ের করা হয়েছে বলে অভিযোগ, সেগুলি তিনি মেনে নেবেন না। পাশাপাশি তিনি দাবি করেন, এখনও কিছু দুষ্কৃতী এলাকায় সক্রিয় রয়েছে। তবে আইন নিজের হাতে না তুলে নিয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।