গোপন সূত্রে অভিযান, পাঁশকুড়ায় প্রাইভেট কার থেকে বিপুল গাঁজা উদ্ধার!
নিজস্ব সংবাদদাতা : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে সিদ্ধা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালানো হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহজনক ওই গাড়িটির গতিবিধির উপর নজরদারি শুরু করেন আধিকারিকরা। এরপর সিদ্ধা এলাকায় গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় মোট ১৩৮ কেজি গাঁজা।
ঘটনায় গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের নাম কার্তিক কুমার ঘোষ। তাঁর বাড়ি ওড়িশার বালেশ্বর জেলার রায়বনিয়া থানার নারায়ণপুর গ্রামে। অপর ধৃত শেখ সেফাকত আলি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটি ওড়িশার জলেশ্বরের দিক থেকে কলকাতার উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই পুলিশ গাড়িটিকে আটক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
একসঙ্গে ১৩৮ কেজি গাঁজা উদ্ধারের ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবে দেখছে জেলা পুলিশ ও পাঁশকুড়া থানার আধিকারিকরা। গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।