টিকিট না পেয়ে তৃণমূলে ক্ষোভের বিস্ফোরণ! ‘প্রাক্তনের পথে পরিবার’, বিস্ফোরক মন্তব্য সৌমেন মহাপাত্রের!

নিজস্ব সংবাদদাতা : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্ষোভ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। টিকিট বঞ্চনার জেরে একাধিক নেতার অসন্তোষ সামনে এলেও, সবচেয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র। ২১শে মার্চ শনিবার নিজের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, “আমি এখন প্রায় প্রাক্তন বিধায়ক। আমার স্ত্রীও প্রাক্তন কাউন্সিলর। আমাদের পরিবার এখন প্রাক্তনের দিকেই এগোচ্ছে।”তিনি জানান, নিজের জেতা তমলুক বিধানসভা কেন্দ্র হোক বা বর্তমান আসন পশ্চিম পাঁশকুড়া—কোনও জায়গাতেই এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। যা নিয়ে তিনি যথেষ্ট অসন্তুষ্ট।এবারের ঈদের অনুষ্ঠানও দলীয় ব্যানারে হয়নি। অন্যান্য বছরের মতো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নয়, বরং সৌমেন মহাপাত্রের পরিবারের তরফেই ১০ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়িতে এই আয়োজন করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “দল যদি চায়, তমলুক বা পশ্চিম পাঁশকুড়ায় প্রচারে যাব। একটা ফোন করলেই হবে। কিন্তু এখনও কেউ কিছু জানায়নি।”এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেন, দলের অন্দরে টাকার বিনিময়ে টিকিট ও সাংগঠনিক পদ বণ্টনের কথা শোনা যাচ্ছে। যদিও তিনি এটাও বলেন, “সবটা হয়তো দলের শীর্ষ নেতৃত্বের জানা নেই।”নিজের বর্তমান অবস্থান স্পষ্ট করে সৌমেন মহাপাত্র বলেন, “আমি এখনও দলে আছি। ভবিষ্যতে কী হবে, সেটা সময় বলবে। দল ডাকলে প্রচারে নামব, সাংগঠনিক কাজও করব। কিন্তু নিজে থেকে আর এগোতে চাই না।”নির্বাচনের মুখে এই ধরনের মন্তব্য তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপা অস্বস্তি আরও বাড়িয়ে দিল বলেই রাজনৈতিক মহলের মত।