চার মাসের মধ্যেই ফের শৃঙ্গজয়! চিলি–আর্জেন্টিনা সীমান্তে ওজোস ডেল সালাডো জয় করে নজির বাঙালি অধ্যাপিকা অর্পিতা পাত্র!
নিজস্ব সংবাদদাতা : আবারও ইতিহাস গড়লেন বাংলার এক কৃতী পর্বতারোহী। মাত্র চার মাসের ব্যবধানে ফের এক কঠিন শৃঙ্গ জয় করে নতুন নজির স্থাপন করলেন তিনি। এবার চিলি–আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ Ojos del Salado জয় করলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বাঙালি অধ্যাপিকা অর্পিতা পাত্র । এই শৃঙ্গের উচ্চতা প্রায় ৬,৮৯৩ মিটার। এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় উচ্চতম এবং চিলির সর্বোচ্চ শৃঙ্গ হিসেবেও পরিচিত। এই অভিযানের মাধ্যমে তিনি বাংলার প্রথম এবং ভারতের দ্বিতীয় মহিলা পর্বতারোহী হিসেবে এই কঠিন শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করলেন। পাঁশকুড়ার গর্ব অর্পিতা পাত্র পেশায় একজন অধ্যাপিকা। তিনি Indian Institute of Science-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন বিভাগে কর্মরত। ২০২৫ সালের অক্টোবর মাসে একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ জয়ের পর মাত্র চার মাসের মধ্যেই আবার নতুন অভিযানে সফল হলেন তিনি। জন্ম ময়না এলাকায় হলেও তাঁর কর্মজীবনের বড় অংশ কেটেছে পাঁশকুড়ার হাউরে। ‘এক্সপিডিশন অপরাজিতা’ নামের অভিযানের অংশ হিসেবেই এই শৃঙ্গজয়ের পরিকল্পনা করা হয়। এই অভিযানের অনুপ্রেরণা ও পরিকল্পনায় ছিলেন পর্বতারোহী Satyarup Siddhanta এবং তাঁর উদ্যোগ Winners and Achievers। এর আগেও বিশ্বের একাধিক উচ্চতম শৃঙ্গ জয় করেছেন অর্পিতা পাত্র। তিনি ইতিমধ্যে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ Mount Kilimanjaro, ইউরোপের সর্বোচ্চ Mount Elbrus, উত্তর আমেরিকা ও মেক্সিকোর সর্বোচ্চ Pico de Orizaba, ওসেনিয়ার অন্যতম উচ্চ শৃঙ্গ Mount Giluwe, পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ Mount Wilhelm এবং অস্ট্রেলিয়ার সর্বোচ্চ Mount Kosciuszko জয় করেছেন। একজন অধ্যাপিকা হয়েও একের পর এক আন্তর্জাতিক শৃঙ্গ জয় করে তিনি শুধু বাংলাকেই নয়, গোটা দেশকেই গর্বিত করছেন। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত পাঁশকুড়া সহ গোটা রাজ্যের মানুষ।