কাঁসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৭ বছরের কিশোর, রাতভর তল্লাশি!

নিজস্ব সংবাদদাতা : কাঁসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৭ বছরের এক কিশোর। নিখোঁজ কিশোরের নাম শেখ রহিম। বুধবার সকাল পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। রাতভর তল্লাশির পর এ দিন সকাল থেকে ডুবুরি ও স্পিডবোট নামিয়ে ফের জোরকদমে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়ায় ছড়িয়েছে চাঞ্চল্য।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকার বাসিন্দা শেখ রহিম মঙ্গলবার বিকেলে কয়েকজনের সঙ্গে কাঁসাই নদীতে স্নান করতে নেমেছিলেন। স্নানের সময় আচমকাই প্রবল স্রোতের মধ্যে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা অন্যরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও কোনও খোঁজ মেলেনি।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে।

এরপর শুরু হয় নদীতে তল্লাশি। রাতভর তল্লাশি চালানো হলেও নিখোঁজ কিশোরের কোনও সন্ধান পাওয়া যায়নি।বুধবার সকাল হতেই ফের নদীতে নামানো হয় ডুবুরি। পাশাপাশি স্পিডবোট ব্যবহার করে নদীর বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নদীর স্রোত ও জলস্তরের পরিস্থিতি মাথায় রেখে উদ্ধারকারী দল একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে।চোখের সামনে রহিমকে নদীতে তলিয়ে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা। ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা নদীর পাড়ে অপেক্ষা করছেন। কিশোরের সন্ধান পাওয়ার আশায় উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।রাতভর তল্লাশির পরও রহিমের কোনও সন্ধান না মেলায় উদ্বেগ আরও বেড়েছে। উদ্ধারকারী দলের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।