সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সপ্তাহব্যাপী কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা : ভারতের ‘লৌহমানব’ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানায় সপ্তাহব্যাপী একাধিক সচেতনতামূলক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।এই কর্মসূচির অংশ হিসেবে রামনগর থানায় সিভি (CV), ভিপি (VP) এবং পুলিশ কর্মীদের অংশগ্রহণে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন, কর্ম ও আদর্শকে কেন্দ্র করে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন এবং দেশের ঐক্য ও সংহতি রক্ষায় প্যাটেলের অবদান সম্পর্কে নিজেদের জ্ঞান সমৃদ্ধ করেন।

অন্যদিকে, চণ্ডীপুর থানার উদ্যোগে কাণ্ডপসরা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্দার প্যাটেলের জীবনাদর্শ, নেতৃত্বগুণ এবং স্বাধীনতা-পরবর্তী ভারতের ঐক্যবদ্ধকরণে তাঁর ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

এছাড়াও কাঁথি মহিলা থানার উদ্যোগে কাঁথি ক্ষেত্রমোহন হাই স্কুলে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের দেশপ্রেম, নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের বার্তাকে রঙ-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শ, আত্মত্যাগ, নেতৃত্ব এবং জাতীয় সংহতির মূল্যবোধ তুলে ধরাই তাদের প্রধান উদ্দেশ্য। সপ্তাহব্যাপী এই উদযাপনের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা আরও সুদৃঢ় হবে বলেই আশা করা হচ্ছে।