রক্তদানের মহৎ উদ্যোগ, সঙ্গে ‘মেদিনীপুর গ্যালারি’ উদ্বোধন—রামনগরের সটিলাপুরে ব্যতিক্রমী আয়োজন!
নিজস্ব সংবাদদাতা : রবিবার সামাজিক দায়িত্ববোধের অনন্য নজির গড়ল বি এস ফাউন্ডেশন। সটিলাপুর এলাকায় আয়োজিত হল রক্তদান শিবির, পাশাপাশি মেদিনীপুর সম্পর্কিত ৪২২টি বই নিয়ে উদ্বোধন করা হল ‘মেদিনীপুর গ্যালারি’।ফাউন্ডেশনের কর্ণধার নন্দগোপাল পাত্র তাঁর বড় মেয়ের বিয়ে উপলক্ষে এই সামাজিক কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন তিনি ও তাঁর স্ত্রী কমিলনী পাত্র।
তাঁদের দুই কন্যাও এই কর্মসূচির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।রক্তদান শিবিরে ৭ জন মহিলা-সহ মোট ২৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন নন্দগোপাল পাত্রের পরিবারের সদস্য ইলিকা পাত্র ও অন্বিতমা পাত্র। শিবিরের উদ্বোধন করেন চিকিৎসক ডাঃ গৌতম প্রধান।অন্যদিকে ‘মেদিনীপুর গ্যালারি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন অধ্যক্ষ ও প্রাবন্ধিক হরিপদ মাইতি। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক ও আইনজীবী দ্বিজেন্দ্রনাথ গিরি, প্রাক্তন শিক্ষক শান্তিদ নন্দ, প্রাবন্ধিক সুদর্শন নন্দী, গবেষক সন্তু জানা, ড. প্রবাল কান্তি হাজরা, প্রাক্তন প্রধান শিক্ষক শিবশঙ্কর সেনাপতি, প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার সুদীপ মাইতি, প্রধান শিক্ষক পরশুরাম মণ্ডল, ড. বিমল কুমার শীট প্রমুখ বিশিষ্টজন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে পেশায় মৎস্যজীবী ও ‘মোহনার দিকে’ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ডের লেখক সত্যেশ্বর বর–কে বিজয়কৃষ্ণ স্মারক সম্মাননা প্রদান করা হয়। সমাপ্তি ভাষণে নন্দগোপাল পাত্র সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।