রামনগরে শুভেন্দুর ঝাঁঝালো ভাষণ, ‘১৭৭-এর নিচে নয় বিজেপি’—সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও কটাক্ষ!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আগে রামনগরে বিজেপির কর্মীসভা ঘিরে চড়ল রাজনৈতিক উত্তাপ। ২৫শে মার্চ বুধবার রামনগর ২ নম্বর ব্লকের বালিসাই স্কুল ময়দানে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মণ্ডল-এর সমর্থনে কর্মীসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন সকাল থেকেই কাঁথি, মেদিনীপুর ও তমলুক সাংগঠনিক জেলা জুড়ে একাধিক কর্মীসভা করেন শুভেন্দু। রামনগরের সভায় পৌঁছে তিনি রাজনৈতিক বক্তব্যে তীব্র আক্রমণ শানান শাসকদলের বিরুদ্ধে।সাপ্লিমেন্টারি ভোটার তালিকা (SIR) প্রকাশ প্রসঙ্গে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “ব্রেকফাস্টে ৫৮ লাখ নাম বাদ গেছে, লাঞ্চে ৬০ লাখ, এখনও ডিনার বাকি! সন্ধ্যায় লিকার চা আর চিনা বাদামের সঙ্গে ১৪ লাখ নাম বাদ গেছে, এখনও বাকি ২৮ লাখ।” তাঁর এই মন্তব্য ঘিরে সভাস্থলে চাঞ্চল্য ছড়ায়।এছাড়াও, আসন্ন নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর বক্তব্যে। তিনি দাবি করেন, “এবার বিজেপির আসন সংখ্যা ১৭৭-এর নিচে নামবে না।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কড়া ভাষায় আক্রমণ করে তাঁকে ‘সবচেয়ে বড় গদ্দার’ বলেও কটাক্ষ করেন।অন্যদিকে, ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল নিয়েও নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ওই পদে সুরজিৎ রায়-এর নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের অভিযোগ, নতুন রিটার্নিং অফিসার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। এই অভিযোগ ঘিরে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।ভোটের আগে রামনগরের এই কর্মীসভা যে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলল, তা বলাই বাহুল্য।