তমলুকে পুলিশের বড় সাফল্য, দুটি গাড়ি থেকে উদ্ধার ৯৯ কেজি গাঁজা!

নিজস্ব সংবাদদাতা : মাদকদ্রব্যের চোরাচালান রুখতে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তমলুক থানার পুলিশ ও জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে দুটি গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৯৯ কেজি গাঁজা। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিমতৌড়ি মোড়ের কাছে দুটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেগুলির উপর নজরদারি শুরু হয়। পরে WB 26 AZ 9449 এবং OD 01 BA 0609 নম্বরের গাড়ি দুটিকে আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকে মোট ৯৯.০৭ কেজি গাঁজা উদ্ধার হয়।ঘটনায় অমিয় কুমার কামিলা (৩৬), রাজু জেনা (২৭) এবং শেখ নুরুল (২৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওড়িশার জলেশ্বর থেকে ওই মাদক নিয়ে আসা হচ্ছিল।পুলিশের দাবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে গাড়ি দুটিতে তল্লাশি চালানো হয়েছে। মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।