নির্বাচনী ফলের পর রাজনৈতিক চমক, জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন উত্তম বারিক!
সেখ ওয়ারেশ আলী : রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল না হওয়ার পর পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে জেলা পরিষদের সভাধিপতি তথা প্রাক্তন বিধায়ক উত্তম বারিকের পদত্যাগ। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন।জানা গিয়েছে, নির্বাচনে জেলার পাশাপাশি রাজ্যজুড়েও দলের প্রত্যাশিত ফলাফল না হওয়ার পর রাজনৈতিক ও সাংগঠনিক স্তরে চাপ বাড়ছিল।
সেই প্রেক্ষিতেই প্রশাসনিক দায়িত্ববোধের কথা উল্লেখ করে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন উত্তম বারিক।শুক্রবার তিনি মেদিনীপুর ডিভিশনের সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তাঁর বক্তব্য, জেলার উন্নয়নমূলক কাজ যাতে আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রশাসনিক কর্মকাণ্ডে কোনও ধরনের বাধা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।২০২৩ সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন উত্তম বারিক। দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই নেতার পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। জেলা পরিষদের নেতৃত্বে কে আসবেন এবং এই পরিবর্তন জেলার রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।