চণ্ডীপুরে হারের পর ইস্তফা উত্তম বারিকের, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে প্রশাসক জল্পনা!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। শুক্রবার মেদিনীপুরে ডিভিশনাল কমিশনারের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জেলা পরিষদের দফতরে আর দেখা যায়নি উত্তম বারিককে। এবারের নির্বাচনে তিনি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন, তবে পরাজিত হন। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে জেলা পরিষদের কার্যক্রমে তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিকে, জেলা পরিষদ ভবন চত্বরে বিজেপি নেতা-কর্মীদের উদ্যোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ও ব্যানার লাগানো নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।সভাধিপতির পদত্যাগের ফলে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নির্বাচিত বোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধানদের পদত্যাগের ঘটনা সামনে এসেছে। সেই আবহেই এবার জেলা পরিষদের শীর্ষ পদ থেকেও সরে দাঁড়ালেন উত্তম বারিক।প্রশাসনিক সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে জেলা পরিষদের কাজকর্ম পরিচালনার জন্য শীঘ্রই প্রশাসক নিয়োগ করা হতে পারে। এর ফলে জেলার স্থানীয় প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।