সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

নিজস্ব সংবাদদাতা : সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্য এবং প্রযুক্তিগত ও আর্থিক তদন্তের ভিত্তিতে আরও চারজন সন্দেহভাজন সহযোগীর সন্ধান মেলে। এরপর তাঁদেরও গ্রেফতার করা হয়।পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্তদের কয়েকজন পুরুলিয়া শহরে ঘর ভাড়া নিয়ে সাইবার প্রতারণার মাধ্যমে আসা টাকা বিভিন্ন ATM থেকে তোলার কাজে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

গ্রেফতার ৫ জন হলেন—

  • আয়ুষ সিনহা (১৯) — পুরুলিয়া টাউন থানা
  • অঙ্কিত সিনহা (৩২) — পুরুলিয়া টাউন থানা
  • রকি বাউরি (২৪) — পাড়া থানা
  • সন্দীপ কুমার বাউরি (২৪) — ধানবাদ, ঝাড়খণ্ড
  • সূরজ তিওয়ারি (২৪) — বোকারো, ঝাড়খণ্ড

গ্রেফতার হওয়া পাঁচজনকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চক্রের আরও সদস্যের সন্ধান, ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট শনাক্তকরণ এবং প্রতারণার অর্থের গতিপথ খুঁজে বের করে তা উদ্ধারের লক্ষ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।তদন্ত যত এগোচ্ছে, এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত এবং প্রতারণার অর্থ কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।