স্বরলিপির উদ্যোগে ‘রবীন্দ্র স্মরণ’,গান-আবৃত্তি-নৃত্যে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য!

নিজস্ব সংবাদদাতা :কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান মেদিনীপুর শহরের ‘স্বরলিপি’। সংস্থার উদ্যোগে রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্র স্মরণ’। সমবেত গিটারে তিনটি রবীন্দ্রসংগীতের সুর পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বরলিপির শিক্ষার্থী, প্রাক্তনী এবং আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি, সংগীত ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরলিপির প্রাণপুরুষ তথা বিশিষ্ট সংগীতশিল্পী জয়ন্ত সাহা, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, কবি নির্মাল্য মুখোপাধ্যায় এবং ছড়াকার বিদ্যুৎ পাল।নৃত্য পরিবেশনায় অংশ নেন নবনীতা বসু, সহেলী বেরা খান, শাশ্বতী শাসমল, অন্বেষা সাহা ও শমীক সিনহা। পাশাপাশি তালাম ও নৃত্যবিতানের নৃত্যশিল্পীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।কবিগুরুর সৃষ্টিকে স্মরণ করে গান, আবৃত্তি ও নৃত্যের এই সাংস্কৃতিক আয়োজন ঘিরে সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের স্বনামধন্য যন্ত্রশিল্পীদের সহযোগিতায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিল্পী ও দর্শকদের আন্তরিক অংশগ্রহণে ‘রবীন্দ্র স্মরণ’ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।