নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সাত জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।অন্যদিকে, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সপ্তাহের মাঝামাঝি সময়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।এদিকে উত্তরবঙ্গেও জারি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।এছাড়াও কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সোমবার ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের শেষদিকে, বিশেষ করে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।