বাংলার টানে রানির পুজো, কালীঘাটে মাসি দেবশ্রীর সঙ্গে ভক্তিময় মুহূর্ত!
অভিজিৎ সাহা: বিকেল গড়াতেই শহর কলকাতায় পৌঁছলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ে। লাল ঘিয়ে রঙের শাড়ি, হাতে পলার বালা—ঐতিহ্যবাহী বাঙালি সাজেই দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘মারদানী থ্রি’ বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, শহরে এসে বেশ খোশমেজাজেই ছিলেন তিনি।বিমানবন্দরে অভিনেত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। বাংলায় সাবলীলভাবে কথা বলতে শোনা যায় তাঁকে, যা উপস্থিত ভক্তদের আরও উচ্ছ্বসিত করে তোলে।
জানা গিয়েছে, কলকাতায় পা রেখেই তিনি প্রথমে ছুটে যান কালীঘাট মন্দিরে। দেবী দুর্গা ও মা কালীর প্রতি তাঁর গভীর ভক্তি বরাবরই পরিচিত, তাই কালীঘাটে পুজো দেওয়াই ছিল তাঁর প্রথম কর্মসূচি।কালীঘাট মন্দিরে সতীপীঠে পুজো দিতে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে। তাঁর সঙ্গে ছিলেন মাসি তথা জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। মন্ত্রোচ্চারণের মধ্যে অঞ্জলি দিয়ে ভক্তিভরে দেবী আরাধনা করেন তিনি।
মন্দির চত্বরে রানি জানান, মায়ের জন্য তিনি তিনটি শাড়ি নিয়ে এসেছেন। তাঁর কথায়, “মা আমাকে যা দেন, আমিও মাকে তেমনভাবেই কিছু দিতে চাই।”পুজোর পর মন্দির থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন রানি ও দেবশ্রী।
রানির হাতে ছিল মায়ের পায়ের ফুল, গায়ে জড়ানো ছিল মন্দিরের ওড়না। পুরো সময়জুড়েই হাসিখুশি মেজাজে দেখা যায় অভিনেত্রীকে। কলকাতায় তাঁর এই সফর ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে।