ভারতীয় অনূর্ধ্ব-১৫ দলের কোচের দৌড়ে রঞ্জিত বাজাজ ও বিবিয়ানো!

নিজস্ব সংবাদদাতা: প্রথমবারের মতো ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ চলতি বছরের অক্টোবরে আজারবাইজানে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ফিফার সদস্যভুক্ত সব দেশই সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। ফলে কোনও বাছাইপর্ব ছাড়াই ভারতও এই বিশ্বমঞ্চে খেলবে। এবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আগে ভারতীয় জুনিয়র দলের কোচ নির্বাচনে আলোচনার কেন্দ্রে মিনার্ভা একাডেমির কর্ণধার রঞ্জিত বাজাজ। জুনিয়র পর্যায়ে গোথিয়া কাপ, ডানা কাপ ও হেলসিঙ্কি কাপ জেতানোর সাফল্যের জেরে তাঁর নাম জোরালোভাবে উঠে এসেছে।শুধু সাফল্যই নয়, সামাজিক মাধ্যমে দলকে উদ্বুদ্ধ করার তাঁর বক্তব্য এবং দেশাত্মবোধক অনুপ্রেরণামূলক ভিডিওও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বহু ফুটবল সমর্থক মনে করছেন, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতীয় দলের দায়িত্ব রঞ্জিত বাজাজের হাতেই তুলে দেওয়া উচিত। তবে কোচ নির্বাচনের দৌড়ে রয়েছেন অভিজ্ঞ কোচ বিবিয়ানো ফার্নান্ডেজও। জানা গিয়েছে, টেকনিক্যাল কমিটির একাংশ তাঁর পক্ষেই মত দিয়েছেন। এর অন্যতম কারণ কোচিং লাইসেন্স। ফেডারেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনকারীর ন্যূনতম 'এ' লাইসেন্স বা 'প্রো লাইসেন্স' থাকা বাধ্যতামূলক।
বিবিয়ানোর সেই যোগ্যতা থাকলেও রঞ্জিত বাজাজের ব্যক্তিগতভাবে সেই লাইসেন্স নেই। তবে টেকনিক্যাল কমিটির সামনে নিজের অবস্থান স্পষ্ট করে বাজাজ জানিয়েছেন, তাঁর কোচিং টিমে একাধিক প্রো-লাইসেন্সধারী কোচ রয়েছেন। তিনি নিজেকে মূলত একজন ম্যানেজার ও দলনেতা হিসেবে দেখেন, যেমনটি তিনি মিনার্ভার আন্তর্জাতিক সাফল্যের সময়ও করেছেন। উদাহরণ হিসেবে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কথাও তুলে ধরেন। রঞ্জিত বাজাজ জানিয়েছেন, ফেডারেশনের সামনে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরেছেন। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কার্যকরী কমিটি। তাঁর কথায়, "সুযোগ পেলে নিজের কোচিং টিম নিয়ে দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।"এখন নজর বৃহস্পতিবারের বৈঠকের দিকে। অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আগে ভারতীয় জুনিয়র দলের দায়িত্ব কার হাতে যাবে—রঞ্জিত বাজাজ না বিবিয়ানো ফার্নান্ডেজ—সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে ভারতীয় ফুটবলের আগামী দিনের প্রস্তুতির দিশা।