আইআইটি খড়গপুরে গবেষণা ও উদ্ভাবনের মঞ্চ — কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিবসে পৃষ্ঠপোষক রশ্মি গ্রুপ!
নিজস্ব সংবাদদাতা : গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল আইআইটি খড়গপুর-এ। ১৪ ফেব্রুয়ারি শনিবার , এএন রায় সেমিনার হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সফলভাবে আয়োজন করল গবেষণা ও উদ্ভাবন দিবস ২০২৬। টানা দ্বিতীয় বছরের মতো এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করল রশ্মি গ্রুপ, তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে।
অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন ডঃ অলোক শর্মা, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ও বোর্ড সদস্য, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড; নটবর বিসওয়াল, ডিজিএম—পরিবেশ ও সিএসআর সেল, রশ্মি গ্রুপ,অধ্যাপক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক গার্গী দাস এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।মূল বক্তব্যে নটবর বিসওয়াল ইস্পাত শিল্পে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
তিনি জানান, প্রক্রিয়া অপ্টিমাইজেশন, নির্গমন হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বনমুক্তকরণ এবং পণ্যের মান উন্নয়নে এই শাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শিক্ষা ও শিল্পের যৌথ উদ্যোগ কীভাবে উভয় ক্ষেত্রেই বাস্তব সাফল্য এনে দিচ্ছে, তাও তুলে ধরেন তিনি।
রশ্মি গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্কর চৌধুরী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী ও অধ্যাপক ভীম চরণ মেইকাপের সহযোগিতা এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। তিনি স্পষ্টভাবে জানান, দেশের অগ্রগতির গল্পে অবদান রাখতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উদ্ভাবন ও উৎকর্ষতা বৃদ্ধিতে রশ্মি গ্রুপ ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।অনুষ্ঠানে উপস্থিত আইআইটি খড়গপুরের গবেষণা পণ্ডিতরাও এই উদ্যোগের জন্য রশ্মি গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। গবেষণা, শিল্প ও উদ্ভাবনের এই মিলিত মঞ্চ ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ভারতের দিশা দেখাচ্ছে—এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।