মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নে সহায়তার হাত, রশ্মি গ্রুপের স্কলারশিপ পেল ১৩ কৃতী ছাত্রছাত্রী!

নিজস্ব সংবাদদাতা : মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল রশ্মি গ্রুপ। চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পড়ুয়াদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

খড়্গপুর গ্রামীণ এলাকার ওয়ালিপুর হাই স্কুল, বিধানচন্দ্র বিদ্যাভবন এবং বরকলা বিবেকানন্দ হাই স্কুল থেকে মোট ১৩ জন কৃতী ছাত্রছাত্রীকে এই স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়। ওয়ালিপুর হাই স্কুল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার বরকলা-গোকুলপুর এলাকার অন্যতম পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। একইভাবে বরকলা বিবেকানন্দ হাই স্কুলও খড়্গপুর গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ভীম চরণ মেইকাপ (এইচএজি) ,রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ চৌধুরী, সাদতপুর থানার আইসি তপন কুমার মাইতি, কৃষি কর্মাধ্যক্ষ উজ্জলা ঘোষ, সমাজসেবী নিতাই কারক, প্রাক্তন শিক্ষক দুর্গাপদ ঘোষ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষক-শিক্ষিকারা এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মনোজ দে

মোট প্রাপ্ত নম্বর, বিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ নম্বর এবং ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত পড়ুয়াদের ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যন্ত ও জনবহুল গ্রামীণ এলাকার মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার পথে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

স্কলারশিপ হাতে পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল স্পষ্ট উচ্ছ্বাস। তাঁদের কাছে এই বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং আগামী দিনে আরও ভালো ফল করে উচ্চশিক্ষার লক্ষ্যে এগিয়ে যাওয়ার অন্যতম প্রেরণা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।