গঙ্গার গ্রাসে রতুয়া! অর্ধেক তলিয়ে স্কুল, আতঙ্কে ঘরছাড়া পরিবার
নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মালদার রতুয়া এলাকায়। ফুলে-ফেঁপে উঠেছে গঙ্গা। একের পর এক এলাকায় নদীভাঙনের ফলে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কোথায় আশ্রয় নেবেন, কীভাবে আগামী দিন কাটবে—তা নিয়ে চরম অনিশ্চয়তায় বহু পরিবার।রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রাম এবং পশ্চিম রতনপুর গ্রামে ভয়াবহ গঙ্গাভাঙনের ছবি সামনে এসেছে। ইতিমধ্যেই নদীভাঙনের কবলে পড়ে একাধিক পরিবার গৃহহীন হয়েছে বলে জানা গিয়েছে। বসতবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন।সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে। পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় অংশ ইতিমধ্যেই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, স্কুল ভবনের প্রায় অর্ধেক অংশ নদীগর্ভে চলে গিয়েছে এবং অবশিষ্ট অংশ বর্তমানে কার্যত গঙ্গার পাড়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।প্রবল স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে যে কোনও মুহূর্তে বিদ্যালয়ের বাকি অংশও নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে গোটা এলাকার মানুষের।বেশ কয়েকদিন ধরে পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।