দক্ষিণ ২৪ পরগনায় ১৫ বুথে শনিবার পুনর্নির্বাচন, ফলতা নিয়ে ধোঁয়াশা বজায়!

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় দফার ভোটগ্রহণের পর দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম—এই দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে পুনর্নির্বাচন হবে। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে। উল্লেখ্য, বুধবার রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সেই সময় ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমেও ভোট হয়। কিন্তু ভোট চলাকালীন একাধিক জায়গায় অনিয়ম, বাধা ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পুনর্নির্বাচনের দাবি জানান। সেই প্রেক্ষিতেই কমিশন বিষয়টি খতিয়ে দেখে। স্ক্রুটিনি প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর রিপোর্ট জমা পড়ার পরই কমিশন ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সূত্রের খবর, রিপোর্টে বেশ কিছু গুরুতর অনিয়মের উল্লেখ রয়েছে। তবে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ফলতা বিধানসভা কেন্দ্র। এখনও পর্যন্ত সেখানে পুনর্নির্বাচন হবে কি না, তা নিয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। তা নিয়েই জোর জল্পনা রাজনৈতিক মহলে।