বিশ্বকাপের আগে ব্রাজিলের বড় ধাক্কা! চোটে ছিটকে যেতে পারেন রিয়াল মাদ্রিদের তারকা মিলিটাও
নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তার আগেই বড় দুশ্চিন্তায় Brazil national football team এবং Real Madrid শিবির। গুরুতর হ্যামস্ট্রিং চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ব্রাজিলের তারকা ডিফেন্ডার Éder Militão-এর। মঙ্গলবার Alavés-এর বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষদিকে এক চ্যালেঞ্জে পড়ে হঠাৎই অস্বস্তি অনুভব করেন মিলিটাও। সঙ্গে সঙ্গেই তিনি পরিবর্তনের ইঙ্গিত দেন। প্রথমে কোচ Álvaro Arbeloa আশাবাদী সুরে কথা বললেও পরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। স্প্যানিশ রেডিও ‘COPE’-এর রিপোর্ট অনুযায়ী, এই চোটটি গত ডিসেম্বরের পুরনো সমস্যার পুনরাবৃত্তি হতে পারে। এমনকি পরিস্থিতি গুরুতর হলে অস্ত্রোপচারও করতে হতে পারে, যা মিলিটাওকে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে দিতে পারে।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, এই আশঙ্কার সত্যতা মিলেছে একাধিক দিক থেকেও। ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের সামনে এখন অনিশ্চয়তার কঠিন সময়। সোমবার রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আরও একদফা পরীক্ষা হবে, যার পরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত কয়েক মরসুম ধরেই একের পর এক চোটে ভুগছেন মিলিটাও। পরপর দুই বছর এসিএল চোটের ধাক্কাও সামলাতে হয়েছে তাঁকে। ফলে এই নতুন চোট ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম ভরসা মিলিটাও আদৌ খেলতে পারবেন কি না, তা এখন সময়ই বলবে। তবে আপাতত গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে রয়েছে সোমবারের রিপোর্টের দিকে।