আসানসোলে বেপরোয়া মিনিবাসের তাণ্ডব, পথচারীর মৃত্যু, আহত ৩ স্কুলছাত্রী

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমানের আসানসোলের মুর্গাসোল এলাকায় শুক্রবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। একটি বেপরোয়া মিনিবাস প্রথমে এক পথচারীকে ধাক্কা মেরে পিষে দেয়, এরপর সামনে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী বোঝাই একটি পুলকারে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আহত হয় তিন স্কুলছাত্রী। ঘটনার সিসিটিভি ফুটেজ শনিবার প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে জিটি রোডের মুর্গাসোল এলাকায় একটি পোশাকের শোরুমের সামনে রাস্তার ধারে হেঁটে যাচ্ছিলেন দুই ব্যক্তি। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি বাস ও একটি স্কুলগাড়ির মাঝখানে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরও মিনিবাসটি থামেনি। নিয়ন্ত্রণহীন গতিতে সামনে এগিয়ে গিয়ে কলকাতা গার্লস হাই স্কুলের ছাত্রী বোঝাই একটি মারুতি ওমনি পুলকারে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় পুলকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রায় ২০ মিটার পর্যন্ত সেটিকে হিঁচড়ে নিয়ে যায় মিনিবাসটি।পুলকারে মোট সাতজন ছাত্রী ছিল। তাদের মধ্যে তিনজন আহত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহত ছাত্রীদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, প্রাথমিক চিকিৎসার পর আহত ছাত্রীরা আপাতত আশঙ্কামুক্ত।শনিবার প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে। সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা দেখে শিউরে উঠছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, জিটি রোডে বেপরোয়া গতিতে বাস চলাচল দীর্ঘদিনের সমস্যা। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই ঘটনার পর দ্রুত কড়া ট্রাফিক নজরদারি ও বেপরোয়া যানচালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।