মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড! বিশ্ব ফুটবলে কড়া নতুন নিয়ম

নিজস্ব সংবাদদাতা : ফুটবল মাঠে বহুদিনের পরিচিত এক দৃশ্য—খেলোয়াড়রা সতীর্থ বা প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখেন। এতদিন এই আচরণ নিয়ে বিতর্ক থাকলেও এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ফুটবলের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা International Football Association Board (আইএফএবি)। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার যদি মুখ ঢেকে কথা বলেন, তাহলে রেফারি চাইলে সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। ফলে মাঠে আচরণে স্বচ্ছতা বজায় রাখতে বড় পরিবর্তন আসতে চলেছে। আইএফএবি জানিয়েছে, ফেব্রুয়ারিতে বার্ষিক বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রস্তাবটি আসে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA-র তরফে, এবং শেষ পর্যন্ত তা অনুমোদন করা হয়। মুখ ঢেকে কথা বলার আড়ালে অনেক সময় অশালীন বা বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। এই প্রবণতা রুখতেই কঠোর নিয়ম। এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে এক চাঞ্চল্যকর অভিযোগ। চলতি বছর ফেব্রুয়ারি মাসে একটি ম্যাচ চলাকালীন Vinícius Júnior দাবি করেছিলেন, একটি ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড় মুখ ঢেকে তাঁকে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। এই ঘটনার পরই Gianni Infantino ক্ষোভ উগরে দিয়ে বলেন, “মাঠে যারা মুখ ঢেকে কথা বলে, তাদের সরাসরি লাল কার্ড দেখানো উচিত।” এরপরই নিয়ম বদলের পথে হাঁটে ফিফা ও আইএফএবি। শুধু এটিই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু হতে চলেছে—রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে যদি কোনও ফুটবলার মাঠ ছেড়ে চলে যান অথবা কোচ দল তুলে নেওয়ার নির্দেশ দেন, তাহলে রেফারি চাইলে সংশ্লিষ্ট ফুটবলার বা কোচকে লাল কার্ড দেখাতে পারবেন। আইএফএবি স্পষ্ট করেছে, মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, তাঁকে সহায়তা করার জন্য রয়েছে VAR ( ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি) ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগের জায়গা। কিন্তু সেই আবেগের আড়ালে যদি অসভ্যতা বা বৈষম্য লুকিয়ে থাকে, তবে তা আর বরদাস্ত নয়—এই বার্তাই স্পষ্ট করে দিল আইএফএবি।