আবাস প্রকল্পে স্বস্তি! ট্রাক্টর প্রতি ১৫০০ টাকায় বালি দেওয়ার প্রতিশ্রুতি,পশ্চিম মেদিনীপুরে প্রশাসনের বড় বৈঠক!
১) বালির কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ, পশ্চিম মেদিনীপুরে প্রশাসন-খাদান মালিকদের গুরুত্বপূর্ণ বৈঠক
২) বালির সংকট কাটাতে বড় সিদ্ধান্ত, আবাস প্রকল্পের উপভোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা
সেখ ওয়ারেশ আলী : জেলা ও রাজ্যজুড়ে চলমান বালির সংকট কাটাতে ১৩ই জুন শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে জেলার বালি খাদান সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন এলাকার বিধায়ক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে বালির সংকট মোকাবিলা এবং কালোবাজারি রোধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বৈধ বালি খাদানগুলি দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে।
একইসঙ্গে অবৈধ বালি মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কড়া নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।বৈঠকে উপস্থিত বিধায়করা জানান, বালির অভাব ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সরকারি আবাসন প্রকল্পের বহু উপভোক্তা বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারছেন না। ফলে জেলার বিভিন্ন এলাকায় ইন্দিরা আবাস যোজনা-সহ একাধিক আবাসন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের উপস্থিতিতে বালি খাদান সংগঠনের কাছে দাবি জানানো হয়, যাতে সরকারি আবাস প্রকল্পের প্রত্যেক উপভোক্তাকে নির্ধারিত সরকারি মূল্যে বালি সরবরাহ করা হয়।
সেই দাবিতে সাড়া দিয়ে খাদান সংগঠনগুলির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, প্রকল্পভুক্ত প্রতিটি উপভোক্তাকে ট্রাক্টর প্রতি ১,৫০০ টাকা মূল্যে তিন ট্রাক্টর করে বালি সরবরাহ করা হবে।
বালি খাদান সংগঠনের প্রতিনিধিরা জানান, নতুন সরকারের উদ্যোগ ও সহযোগিতায় আগামী দিনে তারা আরও সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে আশাবাদী। অন্যদিকে, সরকারি আবাসন প্রকল্পের স্বার্থে খাদান মালিকদের এই সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিরা।