পেনশন ও বেতন-বিতর্কে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারক, আদালত অবমাননার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে মামলা!

নিজস্ব সংবাদদাতা : শ্চিমবঙ্গের জেলা বিচার বিভাগের বিচারকদের উচ্চশিক্ষার যোগ্যতা (এলএল.এম.)-জনিত অতিরিক্ত ইনক্রিমেন্ট এবং সেই ভিত্তিতে পেনশন নির্ধারণের বিতর্ক এবার পৌঁছেছে সুপ্রিম কোর্টে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক সোমা চক্রবর্তী সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে অভিযোগ করেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় তিনি এখনও পর্যন্ত প্রাপ্য পেনশন ও অন্যান্য অবসরকালীন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।সোমা চক্রবর্তী ২০২৪ সালের ৩১ মে বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা বিচারক পদ থেকে অবসর গ্রহণ করেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বেতন পুনর্নির্ধারণ না হওয়ায় অবসর-পরবর্তী পেনশন ও অন্যান্য প্রাপ্য সুবিধা আটকে রয়েছে।এছাড়াও, তাঁর অভিযোগ অনুযায়ী রাজ্য সরকার এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দফতর তাঁর কাছ থেকে প্রায় ১৩.৯০ লক্ষ টাকা কথিত অতিরিক্ত বেতন ফেরত চেয়েছে। যদিও তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই তাঁর বেতন নির্ধারিত হয়েছিল এবং চাকরিজীবনের পুরো সময়ে এ বিষয়ে কোনও আপত্তি তোলা হয়নি।আবেদনে উল্লেখ করা হয়েছে, 'All India Judges Association vs Union of India' মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এলএল.এম. ডিগ্রিধারী জেলা বিচার বিভাগের বিচারকদের উচ্চশিক্ষার জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট দিতে হবে। কিন্তু ২০২৪ সালের ২২ অক্টোবর রাজ্য সরকারের নির্দেশিকা জারির পর সেই নির্দেশ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ।এই একই বিষয়ে বিচারকদের সংগঠনের পক্ষ থেকেও একটি আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। পাশাপাশি সোমা চক্রবর্তী 'Soma Chakraborty vs Others' শিরোনামে পৃথক একটি আদালত অবমাননার আবেদন দায়ের করেছেন।সোমা চক্রবর্তীর বক্তব্য, গত প্রায় দুই বছর ধরে তিনি পেনশন এবং অন্যান্য অবসরকালীন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে তাঁকে চরম আর্থিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী হবে।বর্তমানে এই মামলার দিকে আইনজীবী মহল ও বিচার বিভাগীয় মহলের নজর রয়েছে, কারণ এর রায় ভবিষ্যতে একই ধরনের দাবিদাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।