আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা: আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়, মন্ত্রী বিশাল লামা এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এছাড়াও দুই জেলার প্রশাসনিক আধিকারিক ও বিধায়করাও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন কাজ, জি-রাম-জি প্রকল্প এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যে সব এলাকায় বর্তমানে পঞ্চায়েত প্রধান নেই, সেখানে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।পঞ্চায়েত সংক্রান্ত নতুন আইন যথাযথভাবে কার্যকর করার উপরও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। একইসঙ্গে জি-রাম-জি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি করেন তিনি।আবাস যোজনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের অনেকেই প্রকল্পের টাকা পেয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই সংশ্লিষ্টদের নোটিস পাঠানো হয়েছে বলে জানান তিনি।এদিন মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “বেআইনিভাবে আবাস যোজনায় টাকা নিয়ে নিয়েছে অনেক লোক। তাঁদের নোটিস দেওয়া হয়েছে। টাকা ফেরত দাও, নয়তো জেলে যাও।”