Rising Voice Foundation-এর উদ্যোগে পিছিয়ে পড়া তফসিলি সম্প্রদায়ের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা!

অভিজিৎ হাজরা : সম্প্রতি Rising Voice Foundation-এর তত্ত্বাবধানে এবং ICAR–National Institute of Natural Fibre Engineering and Technology-এর উদ্যোগে ফেব্রুয়ারি মাসে ১৫ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। হাওড়া জেলার মাকড়দহ, ডোমজুড় এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে তফসিলি জাতিভুক্ত ২০ জন মহিলাকে পাটশিল্পের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সমাজের পিছিয়ে পড়া এবং গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। কর্মশালায় পাটকে কেন্দ্র করে বিভিন্ন হস্তশিল্প তৈরির কৌশল শেখানো হয়—দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, নানান গৃহসজ্জার উপকরণ এবং মহিলাদের জন্য পরিবেশবান্ধব পাটের অলংকার তৈরি ছিল প্রশিক্ষণের প্রধান আকর্ষণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীরা শুধু নতুন দক্ষতাই অর্জন করেননি, বরং নিজেদের অপ্রকাশিত ইচ্ছা ও স্বনির্ভর হওয়ার স্বপ্নকে শিল্পকর্মের মাধ্যমে বাস্তবে রূপ দিতে শুরু করেন। বিজ্ঞানী সুজয় দাস ও কার্তিক সামন্ত তাঁদের বক্তব্যে পাটশিল্পের বাজার সম্ভাবনা, ব্যবসায়িক দিক এবং ভবিষ্যৎ প্রসারের নানা দিক তুলে ধরেন, যা প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানের সমাপনী দিনে রাইজিং ভয়েস ফাউন্ডেশনের কর্ণধার মৌমিতা দাস উপস্থিত সকল প্রশিক্ষণার্থীর হাতে শংসাপত্র তুলে দেন। তাঁদের আগামীর পথচলার জন্য শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়। এই উদ্যোগ যে বহু মহিলার জীবনে নতুন দিশা দেখাবে, তা বলাই বাহুল্য।