গুরুত্বপূর্ণ নথি হাতে বিধানসভায় ঋতব্রত, তৃণমূলে ভাঙনের জল্পনা তুঙ্গে!
অভিজিৎ সাহা:রাজ্য রাজনীতিতে নতুন করে জোরালো হয়েছে তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনা। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গুরুত্বপূর্ণ নথি হাতে বিধানসভায় পৌঁছনোর পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। সূত্রের খবর, প্রায় ৫০ জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি বিধানসভার স্পিকারের দপ্তরে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।যদিও এদিন স্পিকার বিধানসভায় উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে ওই নথি সচিবের কাছে জমা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। রাজনৈতিক সূত্রে দাবি, ওই চিঠিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন ও প্রতীক নিয়ে গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি নতুন রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত রয়েছে বলে জল্পনা ছড়িয়েছে।এদিকে, রাজ্যের মন্ত্রী তাপস রায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তাঁর পোস্টে তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের রাজনৈতিক ঘটনার ধাঁচে বাংলাতেও শাসকদলের অন্দরে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছে। সম্প্রতি দলীয় বৈঠকে বহু বিধায়কের অনুপস্থিতি সেই জল্পনাকে আরও জোরদার করেছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।