অতিরিক্ত জরিমানার অভিযোগে মেদিনীপুরে পথ অবরোধ, রাস্তায় আলু ফেলে বিক্ষোভ চালক-খালাসীদের!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : অতিরিক্ত জরিমানার প্রতিবাদে উত্তাল হল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর এলাকায়। বিভিন্ন গাড়ি রাস্তায় আটকে বিপুল অঙ্কের জরিমানা করার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন পিকআপ ভ্যান সহ ছোট গাড়ির মালিক, চালক ও খালাসীরা।
১২ই মার্চ বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আন্দোলনকারীদের দাবি, বর্তমানে আলু তোলার মরশুম চলছে। মাঠ থেকে আলু কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় গাড়ি আটকে দেওয়া হচ্ছে। নানা অজুহাতে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে এবং মামলা দায়ের করা হচ্ছে বলেও অভিযোগ চালক-খালাসীদের। তাঁদের অভিযোগ, ছোট গাড়ির মালিকদের উপর Regional Transport Office এবং পুলিশের পক্ষ থেকে অযথা চাপ তৈরি করা হচ্ছে।
এই পরিস্থিতির প্রতিবাদে ১২ই মার্চ বৃহস্পতিবার এনায়েতপুর এলাকায় রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চালক-খালাসীরা। তাঁদের সঙ্গে এই আন্দোলনে যোগ দেন এলাকার একাধিক আলু চাষিও। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট তৈরি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় গুড়গুড়িপাল থানার পুলিশ। পরে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলেও তাঁদের হুঁশিয়ারি—দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে আবারও রাস্তা অবরোধ করবেন।